নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে রাবি ছাত্রী সংস্থার মানববন্ধন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণসহ নারীর প্রতি সকল সহিংসতার বিচার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় তারা। মানববন্ধনে তাঁরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’ ‘জাস্টিস ফর রামিসা’, ‘তনু থেকে আছিয়া-রামিসা, তারপরে আর কত?’ ইত্যাদিসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।
এসময় মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, রামিসা হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অতীতেও নারী ও শিশুদের ওপর সহিংসতার বহু ঘটনা ঘটেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কথা বললেও বাস্তবে অনেক নারী ও শিশু নিজেদের নিরাপদ মনে করছেন না। আমি চাই রামিসাসহ নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সব সহিংস ঘটনার বিচার নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া হয়।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে। আমরা দ্রুত বিচার এবং নিরাপদ সামাজিক পরিবেশ চাই। মানববন্ধনে ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











