ঢাকা | মে ১৪, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

১৭ মের মধ্যে টোল প্রত্যাহারের আল্টিমেটাম: ১৮ মে সেতুতে যান চলাচল বন্ধের ঘোষণা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:00 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে দীর্ঘ তিন দশক ধরে চলমান টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘নাগরিক অধিকার আদায় কমিটি’।

বুধবার সকাল ৮টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার পরিবহন শ্রমিক, চালক, মালিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

আন্দোলনকারী নেতারা বলেন, মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে বহুবার স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করা হয়েছে। এমনকি স্থানীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত টোল প্রত্যাহারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং টোলের হার বাড়িয়ে নতুন করে ইজারা দরপত্র আহ্বান করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর ধরে এই সেতুতে টোল আদায় করা হচ্ছে। তিন দশকেরও বেশি সময় ধরে চলা এই টোল আদায় ব্যবস্থা জেলাবাসীর ওপর এক ধরনের বৈষম্য ও অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। টোল আদায়ের কারণে সাধারণ মানুষকে নিয়মিত ভোগান্তি, হয়রানি এবং দীর্ঘ সময় যানজটে আটকে থেকে কর্মঘণ্টা নষ্ট করতে হচ্ছে।

অবস্থান কর্মসূচি থেকে নেতারা ঘোষণা দেন, আগামী ১৭ মের মধ্যে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করা না হলে ১৮ মে সড়ক ভবন অবরোধসহ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে। এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে তারা সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।