ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:14 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজার এলাকার একটি বাড়িতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার কুড়ান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজারে বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেয়াল রং করার কাজ করছিলেন মেহেদী। দুপুর ২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নেসকোর ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের তারে হাত লেগে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।