ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

শিবগঞ্জে জ্বালানী তেল নিয়ে দু’গ্রামের সংঘর্ষে আহত ১০

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:13 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে উপজেলার দাদনচক হল মোড় সংলগ্ন মেসার্স মির্জা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত সোমবার বিকালে মেসার্স মির্জা ফিলিং স্টেশনে জ্বালানী তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাররশিয়া গ্রামের এক যুবকের সাথে দাদনচক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরদিন মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

গত বুধবার রাতে দাদনচক গ্রামের আজিজুল হক নামে এক কৃষক বাররশিয়া মাঠে ধানের জমিতে সেচ দিতে গেলে বাররশিয়া গ্রামের লোকজন আটকে রাখে। এরই জেরে বুধবার সকালে মনাকষা-শিবগঞ্জ সড়কের উপর বাররশিয়া ও দাদনচক মাঝামাঝিতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুতর দুজন সহ  উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে এ ঘটনার জেরে দাদনচক হল মোড়ে কয়েকটি দোকান ঘর ভাংচুর ও লুটপাট হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, মেসার্স মির্জা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। দূলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আলোচনা করে সমাধান করা হবে বলেও জানান তিনি।