এসিডির এনগেজ নাউ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, যুবক এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (এঅঈ) এর অর্থায়নে জিএফএ কনসালটিং গ্রুপ এ সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে এনগেজ নাউ প্রকল্পটি রাজশাহীতে এসিডি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) যোবায়ের হোসেন।
জিএফএ কনসাল্টিং গ্রুপের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা কীভাবে প্রকল্প কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখা যায় তা নিয়ে পরামর্শ প্রদান করেন।
সুব্রত পালের সঞ্চালনায় আইন ও সালিশ কেন্দ্রের সমন্বকারী মো. রোকনুজ্জামান এবং এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল প্রতিষ্ঠানের পক্ষে প্রকল্প সম্পর্কিত তথ্য চিত্র উপস্থাপন করেন। প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো দেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সাধন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করবে বলে এসিডি জানায়।
এছাড়া, বিচার ব্যবস্থায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশুর সহজতর প্রবেশাধিকার নিশ্চিতকরণ, দরিদ্রদের ন্যায়বিচার প্রাপ্তিতে আইনজীবীদের ভূমিকা উন্নয়ন এবং আইন ও বিচার ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে এসিডি নাগরিকতা প্রকল্পের আওতায় মানবাধিকার আইনজীবী ফোরাম গঠনের পরিকল্পনা গ্রহণ করে।











