ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:57 pm

স্টাফ রিপোর্টার: পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনারে বাধা প্রদান এবং হামলার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজশাহী নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধা বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। কিন্তু ৭১-এর পরাজিত অপশক্তি মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা সৃষ্টি করে হামলা চালিয়েছে, যা অত্যন্ত অপমানজনক ও মর্মান্তিক। এ ঘটনার পরও কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা ও প্রশাসনের ঢিলেঢালা ভাব মুক্তিযোদ্ধাদের গভীরভাবে ক্ষুব্ধ ও বিস্মিত করেছে।

সমাবেশ থেকে অবিলম্বে এ ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনানুগ শাস্তির দাবি জানান তাঁরা। একইসঙ্গে বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চড়া দাম ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খরচের বিপুল ব্যয় বিবেচনা করে মাসিক রাষ্ট্রীয় সম্মানী ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে কমপক্ষে ৫০ হাজার টাকা করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি পেশ করা হয়। মানববন্ধনে রাজশাহী জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ স্থানীয় প্রবীণ মুক্তিযোদ্ধারা বক্তব্য তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. খাইরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা লুৎফল হক, নুরুল ইসলাম ও কবিরুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা বীরমুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং লুকিয়ে রাতের অন্ধকারে দাফন করা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নওগাঁয় সমাবেশ

নওগাঁ প্রতিনিধি জানায়, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা এবং স্বাধীনতা বিরোধী চক্রান্তের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সমাজসেবক জাহিদ রব্বানি, জেলা প্রেসক্লাব এর সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি কায়েস উদ্দিন। এসময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- যাদের রক্তের বিনিময়ে আজ জাতীয় পতাকা অর্জন করেছি তাদের লাঞ্ছিত ও অবজ্ঞা করা হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই জাতীর সূর্য সন্তান আজ অবহেলিত। দাফনে বাঁধা দেয়া হয়েছে। তাদের মর্যাদাহানী হোক আমরা চাইনা। যার এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাই।