ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম

রেশমের হারানো ঐতিহ্য ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

  • আপডেট: Monday, November 2, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: রেশম শিল্পের হারানো অতীত ঐতিহ্য ফিরিয়ে আনাসহ এর সার্বিক উন্নয়নে দেশীয় শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় রেশম শিল্পের সার্বিক উন্নয়নে একটি সমন্বিত প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার বলেন, কিভাবে রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলকে এ শিল্পের উন্নয়নে এক সাথে কাজ করতে হবে। রেশম শিল্পের উন্নয়নে দেশীয় শিল্প উদ্যোক্তাদের রেশম শিল্পের সাথে সম্পৃক্ত করতে হবে। রেশম শিল্পের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ বলেন, বর্তমান সরকার রেশম শিল্পের উপর গুরুত্ব দিয়েছেন। এ শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদেরসহ সকলকে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী বলেন, রেশম শিল্পের উন্নয়নে উন্নত জাতের ডিম এবং উন্নত মানের সুতা প্রয়োজন। চায়না এবং ভারতের তুলনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। সেক্ষেত্রে গুটি ও সুতার গুণগতমান আমাদের আরও ভালো করতে হবে। রেশম শিল্পের উন্নয়নে রেশম উন্নয়ন বোর্ডের অধীন নার্সারীগুলোকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তাদের সম্পৃক্ত করা যেতে পারে উল্লেখ করে বলেন, নার্সারীগুলোকে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগিয়ে রেশমের দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী করা সম্ভব। এছাড়া সভায় তিনি মাছ চাষের ন্যায় রেশম চাষেও বিনা সুদে ঋণ প্রদানের প্রস্তাব দেন।

সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পরিচালক সাজ্জাদ আলী বলেন, রেশম শিল্পের উন্নয়ন করতে হলে শুধুমাত্র সুতা ও গুটির উন্নয়ন করলে হবে না, ফেব্রিক্সের উন্নয়ন ঘটাতে হবে। রেশম শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে হবে।

রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার বলেন, রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে রেশম শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলকে এ শিল্পের উন্নয়নে এক সাথে কাজ করতে হবে।

সভায় রেশম শিল্পের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আক্তার জাহান, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) মু: রেজা হাসান, পরিচালক (উৎপাদন ও বিপণন) মিজানুর রহমান, পরিচালক আ.স.ম আনোয়ারুল হাসান, রেশম শিল্প মালিক সমিতির প্রতিনিধি, রেশম ব্যবসায়ী, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা এবং বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।