ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ফেল ইংরেজিতে

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:56 pm

স্টাফ রিপোর্টার: টানা সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হারের রেকর্ড নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর এই বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫ দশমিক ৬ শতাংশে, যেখানে মোট পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ফেল করা বিষয়ের তালিকায় রয়েছে যথাক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হিসাববিজ্ঞান।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়ভিত্তিক পাসের সুনির্দিষ্ট পরিসংখ্যান তৈরির কাজ দ্রুতগতিতে চলছে এবং কোন বিষয়ে ঠিক কতজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তা অল্প সময়ের মধ্যেই জানা যাবে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। মোট জিপিএ-৫ লাভ করেছেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ হাজার ৫৫৫ জন ছাত্রী এবং ১ হাজার ৯৬৫ জন ছাত্র।

ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, বেশ কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার চর্চায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছিল। করোনাকালীন অটোপাস, পরবর্তী বিভিন্ন আন্দোলন ও অনিয়মিত শ্রেণিকক্ষ উপস্থিতির কারণে পরীক্ষার্থীরা মৌলিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। তবে যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থেকেছে ও মনোযোগ বজায় রেখেছে, তারা প্রত্যাশিত ভালো ফল অর্জন করেছে।

বোর্ডের তথ্যসূত্রে জানা যায়, ২০২৩ সালে বোর্ডে পাসের হার ছিল ৭৮.৪৬ শতাংশ এবং ২০২৪ সালে তা ছিল ৮১.২৪ শতাংশ। সাত বছর পর বোর্ডে পাসের হারে এই বড় ধস শিক্ষাসংশ্লিষ্ট মহলকে ভাবিয়ে তুলেছে।