ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

সুবিধাবঞ্চিতদের আত্মকর্মসংস্থানে রাসিকের উদ্যোগ বিতরণ করা হলো প্রশিক্ষণ সরঞ্জাম

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১১২ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ১২০ জন উপকারভোগীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন এবং বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তামূলক সরঞ্জাম বিতরণ করেন।

ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসউপিসিবি) প্রকল্পের আওতায় এসব সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরে এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের তিন মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পরই তাঁদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই আধুনিক কাজের সরঞ্জাম হস্তান্তর করা হলো।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কেবল চাকরির পেছনে না ছুটে তরুণ-তরুণীরা যাতে স্বউদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সরকারি ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত থাকবে। নগরীর ৩০টি ওয়ার্ডেই এই প্রকল্পের সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করার পাশাপাশি তিনি জানান, বেকারত্ব দূরীকরণ ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে বর্তমান সরকারের অর্থায়ন ও বিশেষ তহবিল ঘোষণা এই কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। একইসাথে নগরীর ফুটপাতগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত ও দখলমুক্ত করার পাশাপাশি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তিউন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তব্য প্রদান করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি। অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীদের উপস্থিতিতে আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি তাঁদের অনুভূতির কথা প্রকাশ করে এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।

রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ:

এদিকে একই দিনে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন ‘রুয়েট রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) প্রতিনিধি দল। সাক্ষাৎকালে রুয়েট শিক্ষার্থীদের আধুনিক ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, টেকসই নগর পরিকল্পনায় তরুণ প্রকৌশলীদের অংশগ্রহণ এবং নগরীর বিবিধ নাগরিক সমস্যা নিরসনে যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ:

অন্যদিকে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়টির শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাতে উদযাপন কমিটির প্রতিনিধিরা সুবর্ণজয়ন্তীর সার্বিক আয়োজন ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রশাসককে অবহিত করেন। নারী শিক্ষায় প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী অবদানের ভূয়সী প্রশংসা করে উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন রাসিক প্রশাসক।