ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:34 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (৪) ও শিউলি আক্তার (৩) নামের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন।

 সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে যে কোনো সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন বেড়িলাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে এবং শিউলি আক্তার একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই বোন বাড়ির পেছনে এক সাথে খেলাধুলা করছিল। খেলার ছলে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা পৌনে ১২টার দিকে আফিয়ার মা আরিফা বেগম পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে পাশ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। সোমবার পারিবারিক কবরস্থানে দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে। দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।