ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

১৮তম বিজেএস পরীক্ষায় আবারও দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

এর মাধ্যমে বিচারক নিয়োগের এই মর্যাদাপূর্ণ পরীক্ষায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত মেধাতালিকা ও ফলাফল প্রকাশ করা হয়। এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আরিফুল করিম সিয়াম বলেন, আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, বাকিটা মহান আল্লাহর অশেষ রহমত।

তিনি বলেন, দীর্ঘ প্রস্তুতিপর্বে প্রতিদিন সমান সাফল্য না এলেও হাল ছাড়া যাবে না। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। নিজের লক্ষ্য স্থির রেখে পরিশ্রমের পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার জন্য জুনিয়রদের পরামর্শ দেন তিনি।

রাবির এই অর্জনে উল্লাস প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, আমাদের বিভাগ থেকে আবারও সারাদেশে প্রথম হওয়ার খবরটি বিশ্ববিদ্যালয় তথা পুরো বিভাগের জন্য অত্যন্ত গর্বের। বিজয়ী সিয়ামসহ উত্তীর্ণ হওয়া ২০০ জন শিক্ষার্থীর সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।

উল্লেখ্য, এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অধিকার করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষার সাময়িক বিরতি কাটিয়ে ১৮তম আসরে এসে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করল রাবির আইন বিভাগ।