ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

রাজশাহীর রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি উত্থাপন করেছে জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরাম।

রোববার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

রেশম শিল্প পুনরুজ্জীবনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে অবস্থিত বন্ধ ও স্থবির দুটি রেশম কারখানা পুরোদমে চালু করা, সব আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম পুনরায় সক্রিয় করা, কারখানার হ্যান্ডলুমগুলো আধুনিকায়ন করা, রেশম গবেষণাগার ও ইনস্টিটিউট চালু করা এবং চাষিদের তুঁত চাষে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা।

এছাড়া রাঙামাটি ও পঞ্চগড়ের পাজমা কেন্দ্র চালু করা, রাজশাহী রেশম বোর্ডের অধীনে থাকা ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, রেশম বোর্ডে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া, অতীতে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে পুনর্বাসিত করা এবং রেশম বোর্ডের শোরুম আধুনিকায়নের দাবিও জানানো হয়।

জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ‘পরিবর্তন’-এর নির্বাহী পরিচালক সাংবাদিক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, ‘রুলফাও’-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।