ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

পদায়ন ঘিরে দ্বন্দ্ব: নগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: কমিটিতে নতুন করে ১৩ জনকে পদায়ন ঘিরে রাজশাহী মহানগর যুবদলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এর জেরে গত শনিবার দিবাগত রাতে সংগঠনটির ‘বঞ্চিত’ নেতাকর্মীরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাসা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রমতে, গত শনিবার রাত ১১টার দিকে ক্ষুব্ধ নেতাকর্মীরা নগরীর রাজারহাতা এলাকায় প্রথমে সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন এবং রাত ১২টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে গিয়ে বিক্ষোভ করেন। তবে সে সময় বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা ফিরে যান।

দলের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায়, ২০২২ সালে মাহফুজুর রহমান রিটনকে আহ্বায়ক করে রাজশাহী মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছিল। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হলে পদটি শূন্য হয়। পরবর্তীতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে প্রথমে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং পরে পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে চলে যাওয়ায় গত ১৫ জুলাই ৮ জনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। এর ধারাবাহিকতায় শনিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপিতে চলে যাওয়া ও মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদগুলোতে আরও ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের ভাষ্যমতে, নতুন এই ১৩ জনের অন্তর্ভুক্তির পর থেকেই ‘বঞ্চিত’ অংশের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা (সাইনিং পাওয়ার) প্রয়োগের অধিকারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ দেয়ার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন বিক্ষোভকারীরা।

বাড়ি ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল অভিযোগ করে বলেন, অন্য সংগঠন ছেড়ে আসা এক নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। অথচ যারা বিগত দিনে মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও মহানগর কমিটির বড় পদ থেকে বঞ্চিত করা হয়েছে।

একই ধরনের ক্ষোভ প্রকাশ করে মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতারা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না দাবি করে তিনি এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

উদ্ভূত পরিস্থিতি ও নেতাকর্মীদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে আসতে পারেননি এবং একই কমিটিতে বারবার অন্তর্ভুক্তি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আবেগ-ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। তিনি জানান, আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে এবং নেতাকর্মীদের ক্ষোভ ও অভিমানের কথা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।

অন্যদিকে, এ বিষয়ে আহ্বায়ক শরিফুল ইসলাম জনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’