ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৭

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক অপরাধে তাদের গ্রেপ্তার করে। রোববার দুপুরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা হয়েছে। এর মধ্যে ৫টি চুরির মামলা এবং অন্যান্য অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়। তবে এ সময়ে রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার নিরাপত্তা আইনে কোনো ঘটনা বা মামলা ঘটেনি। এ ছাড়া অপমৃত্যুর ৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার ১৮৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৭২ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলায় ৯৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।

অন্যদিকে, অপরাধ দমন ও আসামি গ্রেপ্তারে গত ২৪ ঘণ্টায় মোট ১৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এতে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ গ্রাম হেরোইন, ১ হাজার ৮৫৬ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে মোট ১ হাজার ৬৪ জন সেবাগ্রহীতা সেবা নিয়েছেন। এ নিয়ে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ জনে।

নগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৫:

রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আ’লীগের আরও এক কর্মী গ্রেপ্তার:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী জামাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন ছোটবনগ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে। নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, গত ৭ সেপ্টেম্বর সকালে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এক ঝটিকা মিছিল বের করে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। বাধা দিতে গেলে তারা উসকানিমূলক স্লোগান ও হুমকি প্রদান করে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাঁজা রাখা ও সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড:

রাজশাহী মহানগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ দল অভিযান চালিয়ে গাঁজা সংরক্ষণ ও সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়। অভিযানে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মতিউর রহমানকে (৪০) ১০ পুরিয়া গাঁজাসহ এবং রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকা থেকে তমেস (৫০) ও মাসুদ রানাকে (৪০) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আরএমপির পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে।

সোনালী-জগদীশ রবিদাস