ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

নগরীতে তরুণীকে শ্লীলতাহানি, দুই যুবক গ্রেপ্তার

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা এক তরুণীকে শ্লীলতাহানি, সঙ্গীদের মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এ তথ্য জানিয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— নগরীর লক্ষ্মীপুর এলাকার লাবিব সারাফাত রিদান (২১) এবং হামিদুল আলম সনি (৩০)। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর এলাকার ‘আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে শ্লীলতাহানির এই ঘটনা ঘটে। ওষুধ কেনার উদ্দেশ্যে রূপা খাতুন (১৯) নামের এক তরুণী তার দুই নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর এলাকার একটি ফার্মেসিতে যান।

এ সময় মাসুদ রানা নামের এক ব্যক্তি তাদের পথরোধ করে নিজের পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন। তারা সেই প্রস্তাবে রাজি না হলে মাসুদ রানা তাদের গালাগাল শুরু করেন। একপর্যায়ে মাসুদ ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রূপা খাতুনের ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে এবং তার সঙ্গে থাকা নিকটাত্মীয়দের মারপিট করে জখম করে। ঘটনাটির ভিডিও বা বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।

পরবর্তীতে গত শনিবার ভুক্তভোগীর স্বামী তৌহিদ বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশের একটি বিশেষ দল গত শনিবার রাতে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে মামলার প্রধান অভিযুক্ত মাসুদ রানাসহ অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।