ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে কমছে পদ্মার পানি, এবার ভাঙনের আশঙ্কা

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি প্রবাহ। পানি বৃদ্ধির ফলে নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়।

সোমবার রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে নগরীর জন্য পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। গত রোববার (১৩ সেপ্টেম্বর) পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩০ মিটার, শনিবার (১২ সেপ্টেম্বর) ছিল ১৭ দশমিক ২৯ মিটার এবং সোমবার দুপুরে পদ্মার পানির উচ্চতা ১৭ দশমিক ২৮ মিটার রেকর্ড করা হয়।

ঐদিন সন্ধ্যা ছয়টায় শহরের টি-বাঁধ এলাকায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ২৭ মিটার। গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ২ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ২৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্ত ঘেঁষা চরখিদিরপুর, মিডল চর ও চরখানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার বাসিন্দা। বাঘা উপজেলায় ১ হাজার ৭৬৮ একর ফসলি জমিতে পানি উঠেছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেয়ায় প্রয়োজনীয় সহায়তাসহ স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন আক্রান্তরা। জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

রাজশাহী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, আগামী ৪-৫ দিনের মধ্যে পানি আরও কমে যাবে এবং শহররক্ষা বাঁধ নিয়ে কোনো ঝুঁকি নেই।

অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-বাঁধে জনসাধারণের চলাচল ও পরিদর্শনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং ব্যবসায়ীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার জানান, টি-বাঁধ সরাসরি শহরের অন্যান্য এলাকা রক্ষা করে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংকট কেটে গেলে টি-বাঁধ আবার উন্মুক্ত করে দেয়া হবে।