ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

বানভাসিদের পাশে আরডিএ চেয়ারম্যান ও মহানগর যুবদল

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজশাহী মহানগরীর নদী তীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন।

সোমবার নগরীর তালাইমারী এবং ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে পানিবন্দি ও বানভাসি মানুষের মাঝে খাবার এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালাইমারী এলাকায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

ত্রাণ বিতরণের সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মরহুম দেশনেত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। সংকটের সময় সমাজের সব সামর্থ্যবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় মহানগর বিএনপির নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

অন্যদিকে, নগরীর ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের নদীসংলগ্ন এলাকায় পানিবন্দি বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। খাবার বিতরণকালে তিনি প্লাবিত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন।

তিনি বলেন, বন্যা ও নদীর পানিতে মানুষ যখন দুর্ভোগে পড়েছেন, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি ও যুবদল সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে এবং সামর্থ্য অনুযায়ী এই সহযোগিতা অব্যাহত থাকবে। খাবার বিতরণকালে মহানগর যুবদলের সদস্য আজিজুল ইসলামসহ ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড যুবদল এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নদীসংলগ্ন প্লাবিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

সোনালী/জগদীশ রবিদাস