পরিচ্ছন্নতা অভিযান সফল করতে রাসিকের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী এই দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর দেশজুড়ে যে সুনাম রয়েছে তা বজায় রাখতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি ওয়ার্ডভিত্তিক এডিস মশার লার্ভা প্রজননস্থল চিহ্নিত করা, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, ঝোপঝাড় পরিষ্কার এবং জমানো পানি অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরবাসীকে সচেতন করতে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সচিবদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে, গতকাল দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সভাপতি কামাল উদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সেক্রেটারি আশিকুল ইসলাম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক কামুসা, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











