শাহ মখদুম দরগাহ শরিফের নবনির্মিত মসজিদে নামাজ শুরু
স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু হয়েছে।
শুক্রবার পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মুসল্লিদের জন্য এটি উন্মুক্ত করা হয়। নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরিফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মিত হচ্ছে।
জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খসরুজ্জামান ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় শাহ মখদুম দরগাহ শরিফের নবনির্মিত মসজিদের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজও দ্রুত শেষ করা হবে। সব কাজ শেষ হলে এটি দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে।’
জুমার নামাজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ও শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা।
রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদি এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে মাজার শরিফ, সীমানাপ্রাচীর ও ল্যান্ডস্কেপিংসহ অন্যান্য কাজ চলছে। নির্মাণকাজ চলাকালে এতদিন দরগাহ শরিফের পূর্বপ্রান্তে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায় হতো। গত ২৪ এপ্রিল রাসিক প্রশাসক প্রকল্প এলাকা পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এখন থেকে মূল ভবনে নিয়মিত নামাজ আদায় হবে এবং অস্থায়ী মসজিদের স্থানে প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে।











