ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট: Friday, September 4, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহী নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি অঞ্চলে সর্বজনীন ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শোভাযাত্রা চলাকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও রাসিক প্রশাসক বৃষ্টিতে ভিজেই কর্মসূচিতে অংশ নেন এবং আয়োজকদের সাথে পুরো র‌্যালিতে হেঁটে পদযাত্রা করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহার নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

পদ্মা সার্বজনিন মন্দির:

এর আগে শুক্রবার সকালে নগরীর পদ্মা সার্বজনিন মন্দিরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পদ্মা মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় ২২, ২৩ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ডা. ইন্দ্রানী রায় মৌমিতাসহ স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিপ্লব কুমার মজুমদার।

সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য ফন্টের আহবায়ক মহন্ত হালদার, বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের জেলা শাখার সদস্য সচিব শ্রী তরুণ সাহা এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির সম্পাদক নারু গোপাল পাল। আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় দেশ ও দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি হাম এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ-বালাই থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

তাড়াশ
তাড়াশ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপিত পরিষদ তাড়াশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আইনুল হক। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাস। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার গোস্বামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল।