ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ১১:০২ অপরাহ্ন

শিরোনাম

কাজীহাটা মসজিদ ও মাদ্রাসা পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Friday, September 4, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার জুমার নামাজের পূর্বে তিনি মসজিদ চত্বরে পৌঁছান এবং সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে রাসিক প্রশাসক কাজীহাটা পুরাতন জামে মসজিদের চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি মসজিদের ৩য় তলা সম্প্রসারণ ও অবকাঠামোগত নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি মসজিদ সংলগ্ন কাজীহাটা হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজ নেন। পরিদর্শন শেষে মাদ্রাসার প্রধান শিক্ষক হুজ্জাতুল ইসলাম পরিচালনা করেন এক বিশেষ দোয়া ও মোনাজাত।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সওদাগর, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আহাদ আলী, মহানগর বিএনপির সাবেক সদস্য এসএম সালাহ উদ্দীন রতন এবং রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ অন্যান্য প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।