ভয় দেখিয়ে যাত্রীর টাকা ছিনতাই আত্মগোপনে রাজশাহীর রেল পুলিশ সদস্য
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলস্টেশনে গভীর রাতে আসা দুই যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী আমিনুল ইসলাম পলাশের বিরুদ্ধে।
ঘটনার পর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তিনি গোপনে স্টেশন থেকে কেটে পড়েন।
অভিযোগপত্র থেকে জানা যায়, কুষ্টিয়া থেকে ‘সাগরদাঁড়ি’ ট্রেনে রাজশাহী পৌঁছান কুমিল্লার রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের অলিউল্লাহ। রাতে গন্তব্যে যাওয়ার উপায় না থাকায় তাঁরা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বসে খাবার খাচ্ছিলেন।
এ সময় সিপাহী পলাশ আরও দুজনকে সঙ্গে নিয়ে তাঁদের থানায় দেয়ার ভয় দেখান এবং জোরপূর্বক টাকা আদায় করেন। ওই রাতেই ভুক্তভোগীরা আরএনবি ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী বিষয়টি আপস করার চেষ্টা করে ব্যর্থ হন। ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহারে অস্বীকৃতি জানালে তিনি স্টেশন ছেড়ে পালিয়ে যান এবং তাঁর মোবাইল নম্বর বন্ধ করে দেন।
রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান জানান, প্রাথমিক তদন্তে টাকা আদায়ের সত্যতা পাওয়া গেছে। রোববার দপ্তর খোলার পর পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতি সাপেক্ষে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনালী/জগদীশ রবিদাস











