ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ১০:১১ অপরাহ্ন

শিরোনাম

ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

  • আপডেট: Friday, October 23, 2026 - 9:56 pm

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে অসুস্থ হয়ে পড়ায় মন্ত্রীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিএসএমএমইউ (পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক ধকল ও অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে গত ২০ অক্টোবর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপি জনসভায় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তিনি চেয়ারে বসে বক্তব্য দিয়েছিলেন।

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই মাটি ও মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রাজশাহীকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে রূপান্তর করেছিলেন। তাঁর হাত ধরেই রাজশাহীতে নতুন রেলওয়ে স্টেশন, শহীদ জিয়া শিশু পার্ক এবং মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। রাজশাহী তথা উত্তরবঙ্গের গণ্ডি পেরিয়ে তিনি এখন দেশবাসীর সেবা করে যাচ্ছেন। বক্তারা অসুস্থ মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলি; রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও মুরাদ হাসান পিন্টু; জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা; পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিম এবং পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলোচনা ও বক্তব্য শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও বিএনপির অন্যান্য অসুস্থ নেতাকর্মীর আশু রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।