গাছ রোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্ব দেয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
স্টাফ রিপোর্টার: প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছগুলো বড় না হওয়া পর্যন্ত সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) প্রাঙ্গণে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভূমিমন্ত্রী বলেন, গাছ রোপণ করার চেয়ে তা সুস্থভাবে বাঁচিয়ে রাখা ও বড় করে তোলা অনেক বেশি কঠিন।
বিশেষ করে প্রকৃতিগত কারণেই তালগাছের পরিচর্যায় বাড়তি যত্ন প্রয়োজন। বজ্রপাত রোধে এ কর্মসূচিকে অত্যন্ত সময়োপযোগী আখ্যা দিয়ে তিনি সব ধরনের বৃক্ষরোপণ বাড়ানোর ওপর জোর দেন। তিনি আরও বলেন, তালগাছ রোপণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ করার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানুষ ও পশুপাখি বেঁচে থাকবে।
অতীত স্মৃতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনীতির কারণে দীর্ঘ সময় রাজশাহী কারাগারে থাকতে হয়েছিল। তবে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর কারাগার প্রাঙ্গণে বহু গাছ লাগিয়েছিলাম। সেই গাছগুলো আজ অনেক বড় হয়েছে। এখন তার ছায়ায় হাজতি-কয়েদিরা বিশ্রাম নেন এবং শত শত পাখি আশ্রয় পায়।
বক্তব্য শেষে মন্ত্রী রামেক প্রাঙ্গণে একটি তালগাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম ও রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়।











