ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় বাবার চোখের সামনেই পুকুরে হারিয়ে গেল সোহাগী

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:23 pm

পুঠিয়া প্রতিনিধি: বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়েছিল ৯ বছরের সোহাগী খাতুন। চোখের পলকে বাবার অগোচরে পানিতে তলিয়ে যায় সে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত সোমবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার পালোপাড়া ‘তাহেরের মোড়’ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন (৯) ওই গ্রামের আসলাম আলীর মেয়ে। সে ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর আনুমানিক দুইটার দিকে সোহাগী তার বাবার সঙ্গে বাড়ির পাশের আবু বক্কার সিদ্দিকের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বাবার অগোচরে পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে তার বাবা ও স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর পানির নিচে সোহাগীর সন্ধান পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পানিতে ডুবে সোহাগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।