এইচএসসি পরীক্ষায় অংশ নিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪ পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে মূল সূচিতে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা গ্রহণ করেছে রাজশাহী শিক্ষাবোর্ড।
সোমবার রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলা, যুক্তিবিদ্যা ও পদার্থবিজ্ঞান প্রথমপত্রের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক ড. রবিউল ইসলাম জানান, বোর্ডে নিবন্ধিত ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন ছাত্র ও ৪ জন ছাত্রীসহ মোট ৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ৩ জন অনুপস্থিত ছিল। দুর্যোগ আক্রান্ত শিক্ষার্থীদের আবেদন ও রেজিস্ট্রেশনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ডের নির্দেশনায় এ বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন জানান, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে কেন্দ্র প্রস্তুত করে স্বচ্ছ পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের মূল এইচএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের অধীন ২০৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।











