ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

শিরোনাম

সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলীর সফল এনজিওগ্রাম সম্পন্ন

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দৈনিক সোনালী সংবাদ’-এর সম্পাদক এবং রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর সফল এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগজনিত শারীরিক জটিলতা অনুভব করলে গত রোববার রাতে তাকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকরা জরুরি নানা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন এবং পরীক্ষা নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন।

পরদিন সোমবার বিকেলে হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এনজিওগ্রাম রিপোর্টে তার হৃদযন্ত্রে (হার্ট) তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আপাতত ওষুধ সেবনের মাধ্যমে পর্যবেক্ষণে রেখেছেন এবং আগামী এক মাস পর অস্ত্রোপচারের (ওপেন হার্ট সার্জারি/রিভাস্কুলারাইজেশন) পরামর্শ দিয়েছেন।

প্রবীণ ও বরেণ্য সাংবাদিক লিয়াকত আলী বিগত কয়েক দশক ধরে রাজশাহী অঞ্চলের গণমাধ্যম অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজশাহীর বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। ‘রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ’-এর মতো জনগুরুত্বপূর্ণ সামাজিক সংগঠনের নেতৃত্বের অন্যতম ধারক তিনি। বিশেষ করে রাজশাহীর রেশম শিল্পের পুনরুজ্জীবন ও ঐতিহ্য রক্ষা, আঞ্চলিক উন্নয়ন এবং সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার নিরলস সংগ্রাম সর্বমহলে প্রশংসিত।

এদিকে তার এনজিওগ্রাম সম্পন্ন ও অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নগরীর সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

তার দ্রুত রোগমুক্তি ও আশু আরোগ্য কামনায় গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানার মোড় এলাকায় দৈনিক সোনালী সংবাদের প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সোনালী সংবাদ পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে তার সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। প্রবীণ এই সাংবাদিকনেতা তার সব শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর নিকট সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস