ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

বৃক্ষরোপণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ঢালাই কাজ পরিদর্শন রাসিক প্রশাসকের

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন নগরীতে দিনভর একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। গতকাল রোববার তিনি রাজনৈতিক উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ছাদ ঢালাই কাজ পরিদর্শন করেন।

বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির বৃক্ষরোপণ: প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরের অধীনস্থ বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি এবং এর সকল ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শহীদ মিনার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এসময় বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ: এদিকে দুপুরে নগরীর শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাসিক প্রশাসক। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মনিরুজ্জামান শরীফ মনির, চণ্ডিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান ডাবলু এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মো. রজব আলী।

মসজিদ-মাদ্রাসার ঢালাই কাজ পরিদর্শন: একই দিন দুপুরে নগরীর খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ২য় তলার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনের সময় তিনি নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, সরকার মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালু, ফ্যামিলি কার্ড এবং পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালু করা হয়েছে। এসময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাফিজুল হক হ্যাপি সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।