ঢাকা | অগাস্ট ২, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানই গড়ে তুলতে পারে দুর্নীতিমুক্ত প্রজন্ম: বিভাগীয় কমিশনার

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। তিনি বলেছেন, শিশুদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

রোববার বেলা ১১টায় নগরীর একটি দরবার হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রোকন মাসুম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর হুমায়ূন কবীর এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।

আয়োজকরা জানান, মহানগরীর মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন-এই তিন বিভাগে মোট ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আওসাফ নাহিয়ান আদিব।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদিব জানান, এই অর্জন তাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে যুক্তির শক্তিকে কাজে লাগাতে এবং ভবিষ্যতেও সততা ও নৈতিকতার পক্ষে কথা বলতে চান তিনি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মেহরিমা হাসান অরণি। অরণি বলেন, চিত্রের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এই স্বীকৃতি ভবিষ্যতে সমাজসচেতনতামূলক কাজে তাকে আরও উৎসাহিত করবে।