পুলিশের শৃঙ্খলা ও দক্ষতা নিশ্চিতে আরএমপি কমিশনারের বিশেষ বার্তা
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে অনুষ্ঠিত হয়েছে রবিবাসরীয় ‘মাস্টার প্যারেড’।
রোববার সকাল ৮টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন আরএমপির বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ। প্যারেড পরিদর্শনকালে আরএমপি কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আরএমপি কমিশনার বলেন, মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা বজায় রাখা এবং সব ধরনের লোভ-লালসা পরিহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনবহির্ভূত বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর) পদে দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) পদে দায়িত্বরত অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও নগরীর সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) আরএমপির অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











