ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাকসুর দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, থাকছে ১৬ বিভাগে চিকিৎসাসেবা

  • আপডেট: Sunday, October 11, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিতে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগ।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। হেলথ ক্যাম্পটি গতকাল রোববার শুরু হয়ে আজ সোমবার পর্যন্ত চলবে। এতে ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানোর সুযোগ রয়েছে। রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী।

আয়োজকরা জানান, ক্যাম্পে নাক-কান-গলা, লিভার, কিডনি, বক্ষব্যাধি, গাইনি ও মেডিসিনসহ ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আলট্রাসনোগ্রাম, ইসিজি, রিফ্র্যাকশন টেস্ট ও ফিজিওথেরাপিসহ প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানো যাবে। ক্যাম্পের অন্যতম বিশেষত্ব হিসেবে, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট একই দিনে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. শাকিলু রহমান শাহিন, ডিসিআরের প্রতিনিধি ড. ইলিয়াস হোসেন এবং এনডিএফ ও ডিসিআরের চিকিৎসকসহ রাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।