ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

নগরীর ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকার অনুদান দিল রাসিক

  • আপডেট: Sunday, October 11, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। মণ্ডপপ্রতি ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে পূজা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করছে।

রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটির পাশাপাশি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ইন্টারনেট সুবিধার দাবি জানালে, রাসিক প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রতিটি পূজামণ্ডপে ফ্রি ওয়াইফাই সংযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পার্শ্ববর্তী রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলো, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোতায়েন থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তার আশ্বাস:

এদিকে গতকাল রোববার দুপুরে বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে যোহরের নামাজ আদায় শেষে মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি মসজিদটির বাকি কাজ সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির নেতারা। সাক্ষাৎকালে সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মসজিদের উন্নয়নকল্পে সহযোগিতার আহ্বান জানালে রাসিক প্রশাসক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোনালী/জগদীশ রবিদাস