ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:13 pm

চারঘাট প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। রাষ্ট্রের এই রূপান্তরকালে পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

রোববার সকালে রাজশাহী সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা ও নিপীড়নের পর এই কর্মকর্তাদের ফিরে আসাকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতনের পর আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন। এই বঞ্চনার প্রেক্ষাপটে জাতির যে সুউচ্চ প্রত্যাশা, তা পূরণে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি প্রতিষ্ঠা করা। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন এই বাহিনীকে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করতে বদ্ধপরিকর। এজন্য পুলিশ বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি চালু করা হয়েছে, যেখানে ভালো কাজের স্বীকৃতি এবং অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান- সেটি কোনো রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক। থানায় আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। এছাড়া বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাইবার অপরাধ দমনে কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এসময় তিনি, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আলী হোসেন ফকির, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অন্যান্যের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. নূরুল হুদা ভুঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ.বি.এম. মামুন।

ছয় মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫৮ জন কর্মকর্তা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সৃষ্ট ‘বোমা আতঙ্ক’ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আগস্ট মাসকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠীর তৎপরতার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত শনিবার দেশের বিভিন্ন স্থানে যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সেগুলো পরীক্ষা করে থাকে। তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কারা ইন্ধন দিচ্ছে, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী গভীরভাবে তদন্ত করছে।

গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আনুপাতিক ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে এ ধরনের অপরাধ বা নাশকতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়। মন্ত্রী আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য যে-কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চলতি আগস্ট মাসে তাদের কিছু রাজনৈতিক কার্যক্রম ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।