ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:09 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে সাবেদুল (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার রাজাবাড়ী হাটে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে গতকাল রোববার এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

ছাত্রনেতা বেদারউদ্দীন বিদ্যুতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পিয়ারুল, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক নাসিরউদ্দীন বাবু, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, দেওপাড়া ইউপি সদস্য আব্দুল বাকী, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, আল আমিন, সমাজসেবক রবিউল ইসলাম তুহিন এবং সমাজসেবক আবু মুশা। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেদুলকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ মৃত্যু বা দুর্ঘটনা নয়। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উন্মোচন করে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ২৬শে জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে সাবেদুলের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।