ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ সচেতনতা কর্মসূচি

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং বাজার গতিশীল করার লক্ষ্যে একটি বিশেষ শিক্ষামূলক ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর নানকিং দরবার হলে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবি স্টকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাকিব চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে পুঁজিবাজারে বুঝে-শুনে সঠিক নিয়মে বিনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগকারীদের সচেতনতা ও সঠিক শিক্ষার কোনো বিকল্প নেই। সঠিক তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করলে ঝুঁকি অনেকাংশে কমে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) শেখ বুলবুল আহমেদ। এছাড়া পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, সঠিক শেয়ার নির্বাচন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও টেকনিক্যাল অ্যানালিসিস উপস্থাপন করেন বিশিষ্ট মার্কেট অ্যানালিস্ট তোফিক কামাল। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত স্থানীয় সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের বিভিন্ন খুঁটিনাটি ও টেকনিক্যাল বিষয়ে বিশেষজ্ঞদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

অংশগ্রহণকারীরা জানান, নানকিং দরবার হলে আয়োজিত ইউসিবি স্টকের এই সময়োপযোগী আয়োজন তাদের আগামী দিনে বাজারে আরও সচেতন ও সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে দারুণ সাহায্য করবে। অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।