ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১২:৫৮ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে তিন মাস ধরে সিটি স্ক্যান বন্ধ

  • আপডেট: Friday, July 10, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: তিন মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একমাত্র সিটি স্ক্যান যন্ত্রটি।

ফলে হাসপাতালের গরিব ও সাধারণ রোগীরা চরম বিপাকে পড়েছেন। সরকারি কম খরচের এই সেবা বন্ধ থাকায় বাধ্য হয়ে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে দ্বিগুণ টাকা খরচ করে সিটি স্ক্যান করতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের আর্থিক ও শারীরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২১ সালের আগস্টে ঢাকার আরপি এন্টারপ্রাইজ রামেক হাসপাতালে কয়েক কোটি টাকা মূল্যের এই সিটি স্ক্যান মেশিনটি সরবরাহ করে। সাত বছরের ওয়ারেন্টি থাকলেও চালুর সাড়ে চার বছরের মাথায় গত তিন মাস আগে এটি বিকল হয়ে যায়। বর্তমানে সিটি স্ক্যান রুমের দরজায় সাময়িক বন্ধের নোটিশ ঝুলছে।

ভুক্তভোগী রোগীর স্বজনরা জানান, বাইরে পরীক্ষা করাতে গিয়ে প্রতি ক্ষেত্রে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি গুণতে হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত বা গুরুতর রোগীদের বাইরে নিয়ে যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি অতিরিক্ত খরচের কারণে দরিদ্র পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে পড়ছে। উল্লেখ্য, এই হাসপাতালে রাজশাহী বিভাগ ছাড়াও খুলনার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘অতিরিক্ত ব্যবহারের ফলে চাপের কারণে সিটি স্ক্যান মেশিনটি বিকল হয়েছে। সরবরাহকারী ও মেরামতকারী প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়েছে। আশা করছি খুব দ্রুত মেশিনটি সচল করা সম্ভব হবে।’