ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১২:৫৮ পূর্বাহ্ন

নগরীতে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সামাজিক প্রতিরোধের ডাক

  • আপডেট: Friday, July 10, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: দিন দিন বিস্তার লাভ করা মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছেন রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এলাকা থেকে মাদক নির্মূল এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক ঐক্যের ডাক দিয়েছেন তারা।

শুক্রবার বিকেলে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাজরাপুকুর ডাবতলা এলাকায় ‘প্রতিটি সন্তানই আমাদের, তাদের ভবিষ্যৎ সুরক্ষায় আসুন, মাদককে না বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বিশাল মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-যুবক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার)। সমাবেশের উদ্বোধক ও সভাপতি, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফ মনির তার বক্তব্যে বলেন, ‘গুটি কয়েক অসৎ মানুষের কারণে আজ পুরো ওয়ার্ডে মাদকের বিস্তার ঘটছে। এই মাদক ব্যবসায়ীরা সংখ্যায় অত্যন্ত কম হলেও, তারা তরুণদের ফাঁদে ফেলে নিজেরা বিলাসী জীবন যাপন করছে। আর আমাদের সন্তানরা বিকারগ্রস্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা মাদকের বিরুদ্ধে, তারা সংখ্যায় অনেক বেশি। তাই আসুন, এই সমাজ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগতভাবে প্রতিরোধ গড়ে তুলি। মাদক নির্মূলে কোনো আপস নেই। মাদকসহ ধরা পড়লে সে যদি আমার আপন ভাই বা ভাতিজাও হয়, আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব— তাকেই সবার আগে গ্রেপ্তার করুন।’

সমাবেশে বিশেষ গুরুত্ব পায় স্থানীয় নারীদের অংশগ্রহণ ও বক্তব্য। মাদক নির্মূলে পারিবারিক সচেতনতার ওপর জোর দিয়ে নারীরা বলেন, পরিবার থেকেই মাদকসেবীদের চিহ্নিত করে সঠিক কাউন্সেলিং করতে হবে। একই সঙ্গে তারা এলাকায় মাদকসেবীদের কারণে সৃষ্ট ইভটিজিংয়ের তীব্র ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেন। এই সামাজিক ব্যাধি ও অপরাধের বিরুদ্ধে লড়াই করতে তারা স্থানীয় প্রশাসন ও সামাজিক নেতৃত্বের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাইনুল ইসলাম, সাবেক শিক্ষক ডা. আব্দুল মতিন, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির ইসলাম এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রজব আলী। সমাবেশ থেকে বক্তারা দল-মত নির্বিশেষে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকের বিরুদ্ধে এই লড়াইকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।