রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও পরিবেশকর্মীরা অংশ নেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক তাছমিনা খাতুন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা মানুষের অস্তিত্ব রক্ষার অন্যতম শর্ত। প্লাস্টিক, বায়ু ও পানি দূষণ রোধে আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনতে হবে। রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।











