ঢাকা | নভেম্বর ১৪, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলা ও লিট ফেস্ট সমাপ্ত

  • আপডেট: Saturday, November 14, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬।

শনিবার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্র্মানির সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

মেলায় ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। পাশাপাশি ৮টি জনজাতির ঐতিহ্যবাহী জীবনযাত্রা, কৃষি ও শিকার সরঞ্জাম, গৃহস্থালি সামগ্রী, পোশাক, অলংকার এবং ঐতিহ্যবাহী খাবার নিয়ে ৪৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়।

রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক আবদুস সালাম, নির্বাহী প্রধান ও গবেষক সারওয়ার-ই-কামাল, রাবির ফোকলোর বিভাগের ড.  আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নৃত্য, গান, স্বরচিত কবিতা, রচনা ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী সাঁওতাল, উরাও, মুন্ডা ও রাজোয়াড় জনজাতির বিভিন্ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাঁওতাল জনজাতিতে গণক রক্ষাগোলা, উরাও জনজাতিতে পাথরঘাটা রক্ষাগোলা এবং স্টল প্রদর্শনীতে কাদমা মুরালীপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন প্রথম স্থান অর্জন করে। নৃতাত্ত্বিক সাংস্কৃতিক কর্মী এলিজাবেদ টুডু, মানিক এক্কা ও হ্যাপী সরেনের সঞ্চালনায় এই আয়োজন বিভিন্ন জনজাতির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।