ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

যুগ্মসচিব হলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পদোন্নতি প্রদানপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ১৭২ জন কর্মকর্তাকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের নামও রয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

কাজী শহিদুল ইসলাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে রাজশাহীর সার্বিক উন্নয়ন, জনসেবা, ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর পদোন্নতির খবরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি। এবারের পদোন্নতিতে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও প্রথমবারের মতো যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা এ মন্ত্রণালয়েই সংযুক্ত থাকবেন।