ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 11:33 pm

সোনালী ডেস্ক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সফল প্রাথমিক আলোচনার পর আগামী ৬০ দিনের মধ্যে পরমাণু ইস্যু, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আটকে থাকা ইরানি সম্পদ নিয়ে টেকনিক্যাল পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।

গত ১৭ জুন স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ যেন একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী চুক্তিতে রূপ নিতে পারে, সেই লক্ষ্যেই দুই দেশ এই রোডম্যাপে সম্মত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার (২৩ জুন) দেশটির জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে এই ঐতিহাসিক অগ্রগতির কথা জানান। পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বার্গেনস্টকে এই ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়, যেখানে পরবর্তী ৬০ দিনে আলোচনা এগিয়ে নেওয়ার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আলোচনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ‘ঐতিহাসিক’ অগ্রগতি হিসেবে অভিহিত করলেও ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি সম্পূর্ণ নাকচ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার এক বিবৃতিতে জোরালোভাবে দাবি করেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি কখনোই অন্তর্ভুক্ত ছিল না। এর পাশাপাশি তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের কোনো অনুমতি দেওয়া হবে না।

ইরানের এই ভিন্ন সুরের মধ্যেই পাকিস্তান আশা প্রকাশ করেছে যে এই সমঝোতা স্মারক শেষ পর্যন্ত দুই দেশের মধ্যকার একটি দীর্ঘস্থায়ী ও টেকসই চুক্তিতে রূপ নেবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।