ঢাকা | জুন ২৪, ২০২৬ - ২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক পর্বে প্রতিযোগী দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি দলে তিনজন করে শিক্ষার্থী নির্ধারিত বিষয়ের পক্ষে- বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করে পবা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

দীর্ঘ যুক্তিতর্কের পর বিচারকদের মূল্যায়নে বশিরাবাদ দাওয়াতুল ইসলাম ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ন এবং নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।

তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সততা, নৈতিকতা ও জনসচেতনতা। শিক্ষার্থীরা যুক্তির মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরে সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে। ছোটবেলা থেকেই প্রত্যেকের মধ্যে অন্যায়কে ‘না’ বলার মানসিকতা তৈরি করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।

সভাপতিত্ব করেন পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার ফারুক। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম এবং বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন। এ সময় পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সদস্য সাদিকুল ইসলাম, রহিমা বেগম, মহররম আলী, জাহিদ হাসান পলাশসহ কমিটির অন্য সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।