রাজশাহীতে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পরিকল্পনা সভা- ২০২৬ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সভায় আরও জানানো হয়, এই কার্যক্রম সফল করতে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১০টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ১ হাজার ৭ শত ৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭ শত ৮৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ৩ হাজার ৫ শত ৭৬ জন স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন ।
সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক আব্দুর রাজ্জাক। সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। অতীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর ফলে দেশে হামের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং অনেক শিশুর মৃত্যু হয়েছিল। তবে সরকারের সময়োচিত পদক্ষেপ এবং দক্ষ ব্যবস্থাপনার ফলে বর্তমানে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একই স্থানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম সভাপতিত্ব করেন। সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি সম্পূর্ণ নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
ওরিয়েন্টশন সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন। সভায় জানানো হয়, ২৮ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১শ ১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২শ ৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩শ ৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাবিবুর রহমান, রামেক হাসপাতাল শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শাহিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক কস্তুরী আমিনা কুইন ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।











