ঢাকা | জুন ১, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

ভোলাহাটে অগ্নিকাণ্ড: ৪ ভাইয়ের বসতবাড়িসহ ১১টি ঘর ভস্মীভূত

  • আপডেট: Sunday, May 31, 2026 - 11:08 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেজবার আলীসহ চার ভাইয়ের বসতবাড়ি এবং পাশের আরও বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে তিন টার সময় হঠাৎ করেই নেজবারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নেজবার এবং তার বাকি তিন ভাই কুতুব, সেতাব ও কেতাবের ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। গ্রামীণ রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে চার ভাইয়ের বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা ও গবাদিপশুসহ প্রায় সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত চার ভাই জানান, অগ্নিকাণ্ডে তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। ঘটনার পর পরই স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। অগ্নিকাণ্ডে মোট ১১টি ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।