ঢাকা | মে ২৫, ২০২৬ - ১০:২১ অপরাহ্ন

সীমান্তে আতঙ্ক: পদ্মায় নামতে ভয় পাচ্ছেন চারঘাটের জেলেরা

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে চরম আতঙ্ক ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় জেলেরা। সম্প্রতি ভারতীয় জলসীমানায় প্রবেশ করলে গুলি করার সতর্কতা ও বিএসএফের ধাওয়ার ঘটনার পর থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফলে জীবন-জীবিকার প্রধান উৎস নদীতে নামতে গিয়েও প্রতিনিয়ত ভীতি তাড়া করে বেড়াচ্ছে তাদের। সরেজমিনে উপজেলার ইউসুফপুর, মোক্তারপুর, গৌড়শহরপুর, পিরোজপুর ও রাওথা এলাকা ঘুরে স্থানীয় জেলেদের সাথে কথা বলে এই আতঙ্কের চিত্র ফুটে উঠেছে।

ইউসুফপুর বাজার সংলগ্ন এলাকার জেলে টোকন ও বিপ্লব জানান, সম্প্রতি পদ্মা নদীর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক দফায় জেলেদের ধাওয়া দেয়। এই ঘটনার পর থেকে সাধারণ জেলেরা গভীর নদীতে যাওয়ার সাহস পাচ্ছেন না। বিশেষ করে মাছ ধরার মূল সময় রাত ও ভোরবেলায় নদীতে নামতে চরম আতঙ্ক কাজ করছে সবার মনে।

ভুক্তভোগী জেলেরা জানান, পদ্মায় মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা। কিন্তু বর্তমান সীমান্ত পরিস্থিতির কারণে তারা স্বাভাবিকভাবে জাল ফেলতে পারছেন না। বাধ্য হয়ে জিরো লাইন এড়িয়ে কেবল নদী তীরবর্তী এলাকায় মাছ ধরছেন। এতে প্রতিদিনের মাছ ধরার পরিমাণ যেমন কমেছে, তেমনি কমেছে আয়। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তা ও অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন সীমান্ত এলাকার শত শত মৎস্যজীবী।

সীমান্তের এই উত্তেজনা ও পরিস্তিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশী জেলেরা যেন কোনোভাবেই নিজ জলসীমা অতিক্রম না করেন, সে বিষয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।

ইউসুফপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন জানান, জেলেদের নিজ জলসীমার মধ্যে অবস্থান করে মাছ ধরার জন্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও সতর্কতা বজায় রাখতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী জেলেদের এই নিরাপত্তার বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরেও এসেছে। গত ২১শে মে অনুষ্ঠিত চারঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন সংশ্লিষ্টরা।

জেলেদের এই আতঙ্কের বিষয়ে আশ্বস্ত করে বিজিবি’র সিও লে কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জেলেদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএসএফের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত আছে এবং ইতিমধ্যে উভয় বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংও অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশী জেলেরা যেন জিরো লাইন ক্রস না করে সম্পূর্ণ নিরাপদ দূরত্বে থেকে নিজ জলসীমানায় মাছ ধরেন, সেই নির্দেশনা দেয়া হয়েছে। জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে বলেও জানান তিনি।