ঢাকা | মে ২৫, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

নওগাঁ-সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ঝরল ৫ প্রাণ

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: দেশের উত্তরাঞ্চলের দুই জেলা নওগাঁ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলায় পৃথক দুটি দুর্ঘটনায় অটোরিকশাচালক ও কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল সোমবার মহাসড়কের আলাদা দুটি স্থানে লবণবাহী ভুটভুটি ও ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে দুই শিশু। এসব দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি জানান, জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়। গত রোববার রাতে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে। পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রামট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আবু হাসান (৪৬) ও যাত্রী তরিকুল ইসলাম (৪৫) মারা যান। নিহত আবু হাসান মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং তরিকুল ইসলাম ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে। অটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।

এর আগে গত রোববার রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাজশাহীতে অধ্যয়নরত তিন ছাত্র গুরুতর আহত হন। আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখেও যখন উপস্থিত জনতা ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিল, তখন সেখান দিয়ে যাওয়ার সময় তাদের উদ্ধার করেন জেলা ছাত্রদলের সদস্য-সচিব তাজুল ইসলাম তাজ।

তিনি একটি সিএনজি ভাড়া করে দ্রুত তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলী জাকের (২৫) নামের এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। নিহত আলী জাকের বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে। বাকী দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাদেবপুর ও পত্নীতলা থানার পুলিশ জানায়, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মহাদেবপুরে ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত, আহত ৪: সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পৃথক দুটি স্থানে গতকাল সোমবার বেলা ১১টার দিকে দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে লবণ বোঝাই একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি যাত্রী সারা খাতুন (৮) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। সে পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে। এই দুর্ঘটনায় সিএনজিতে থাকা একই পরিবারের সবুজ প্রামাণিক, তাঁর স্ত্রী মিতা, সন্তান সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এদিকে একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে আহম্মদ (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় আলমগীরের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুই শিশুর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও ভুটভুটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।