ঢাকা | মে ২১, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম

খাবার খেয়ে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি নার্সিংয়ের ১৭ শিক্ষার্থী

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: পাবনায় শিক্ষা সফরে গিয়ে দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের ১৭ শিক্ষার্থী। গত বুধবার সন্ধ্যায় তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থ শিক্ষার্থীরা জানান, একাডেমিক শিক্ষার অংশ হিসেবে তারা পাবনা মানসিক হাসপাতাল সফরে গিয়েছিলেন। সেখানে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিক্ষার্থীর হঠাৎ তীব্র পেটব্যথা, বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা শুরু হয়।

এরপর একে একে মোট ১৭ জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় ১৭ জন নার্সিং শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়।

প্রাথমিকভাবে আমাদের ধারণা, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, তীব্র গরম এবং ফুড পয়জনিংয়ের (খাদ্য বিষক্রিয়া) কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ আহানারা বেগম বলেন, শিক্ষা সফরে গিয়ে দুপুরের খাবার খাওয়ার পর আমাদের কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়েই তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানে কলেজের শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা সার্বক্ষণিক তদারকি করছেন। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।