ঢাকা | মে ২১, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

ঈদুল আজহা উপলক্ষে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দরগাপাড়া এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন। এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মুসলিম পরিবারকে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ প্রদান করা হচ্ছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যাবে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটির সঙ্গে মিশে যাবে। প্রথমবারের মতো আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

রাসিক প্রশাসক বলেন, আমরা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, “ কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। ড্রেনের ওপর পশু জবেহ ও ড্রেনে রক্ত ও বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিক প্রদত্ত ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে, যা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সংগ্রহ করবে।  পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখুন।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে মহানগরীর সকল মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। সভায় রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা। সভায় মহানগরীর সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।