শুধু ওজনেই না পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে
স্টাফ রিপোর্টার: বুধবার রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্যÑ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।
এ উপলক্ষ্যে বিএসটিআই-এর রাজশাহীর সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, শুধু ওজনেই না আমাদের পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নির্দেশনায় বলা আছে যে মোড়কজাত পণ্যের সিল দেখে কিনবেন। কিন্তু আমাদের বাজারে মোড়কজাত পণ্যের বাইরে অনেক পণ্য আছে। যেটি খোলা বাজারে বিক্রি হচ্ছে।
অর্থাৎ আমরা লাইসেন্স গ্রহণকৃত হোটেলে গিয়ে অভিযান চালাচ্ছি অথচ আমাদের ফুটপাতে যেসব খাদ্য পণ্য বিক্রি হচ্ছে এর মান কে নির্ধারণ ও নিশ্চিত করবে? ফুচকা খেয়ে মারা গেল এক পরিবারের চারজন। আমার মনে হয় এ বিষয়ে বিএসটিআইয়ের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে।
সাংবাদিকদের অনুরোধ করে তিনি বলেন, খাবারের যে সকল অনিয়ম ও ভেজালের খবর আপনাদের কাছে থাকবে সেগুলো তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাহলে আমরা রাজশাহীকে যেমন বসবাসযোগ্য গ্রিন সিটি করেছি তেমনি আমরা রাজশাহীকে গ্রিন ফুড সিটিও ঘোষণা করতে পারবো।
রাজশাহী বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।











