ঢাকা | মে ১৪, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:19 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর  উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১  (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল  ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহা. পারভেজ আনোয়ার, উপজেলা  খাদ্য পরিদর্শক মু. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৪৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। আর ৩৬ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন গম গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়াও তালিকাভুক্ত ১৭ জন মিলারের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে ।  আগামী  ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।